সার্ক কৃষি কেন্দ্রের (SAC) পরিচালক ড. মো. গোলাম মাহবুব গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে ভারতের নয়াদিল্লির কৃষি ভবনে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের (ICAR) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী মহাপরিচালক ড. নবীন পি. সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সার্ক কৃষি কেন্দ্র (SAC) ও আইসিএআর-এর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা এবং সার্ক অঞ্চলের কৃষি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সার্ক পিএইচডি বৃত্তির জন্য মনোনয়ন, মুররাহ মহিষের জার্মপ্লাজম বিনিময়, সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কর্মসূচিতে মনোনয়ন ও আয়োজন, এসএসি-আইসিএআর সমঝোতা স্মারকের (MoU) বর্তমান অবস্থা এবং এসএসি গভর্নিং বোর্ডের (GB) সভায় অংশগ্রহণের জন্য মনোনয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া ড. মাহবুব আইসিএআর-এর প্রাণিসম্পদবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে জ্ঞান বিনিময়, অংশীদারত্ব প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সার্ক কৃষি কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাণিসম্পদ) ড. মো. ইউনুস আলী, আইসিএআর-এর প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী মহাপরিচালক ড. আশীষ কুমার সামন্তসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।