শনিবার, ৭ নভেম্বর ২০২৬
কৃষি প্রবাহ

নবাবগঞ্জে ১,০৮০ কৃষক পেলেন বিনামূল্যে কৃষি উপকরণ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬ | ০৫:৫৪ পিএম
নবাবগঞ্জে ১,০৮০ কৃষক পেলেন বিনামূল্যে কৃষি উপকরণ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১ হাজার ৮০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজির বীজ, সার ও নেট বিতরণ করেছেন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। কৃষি উৎপাদন বাড়ানো, সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থী, দুস্থ-অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

 

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, SACP-RAINS প্রকল্পের আওতায় ১ হাজার ৮০ জন কৃষককে বিনামূল্যে সবজির বীজ, সার ও নেট দেওয়া হয়েছে। এসব উপকরণ কাজে লাগিয়ে সবজি চাষের পরিধি বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ সহায়তা বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সবজি চাষে উৎসাহিত করবে। বিনামূল্যে প্রয়োজনীয় কৃষি উপকরণ পাওয়ায় তাঁদের প্রাথমিক ব্যয়ের চাপ কমবে এবং আবাদ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

 

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থী এবং অসহায়, অসুস্থ ও গৃহহীন ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। এ ছাড়া ক্যান্সার, কিডনি রোগ, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয়ের জন্য সহায়তা প্রদান করা হয়।

 

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।

 

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ এবং অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তার এ কর্মসূচি নবাবগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সামাজিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

নয়াদিল্লিতে এসএসি ও আইসিএআর-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

সংবাদের লিংক কপি হয়েছে!