শনিবার, ৭ নভেম্বর ২০২৬
কৃষি প্রবাহ

বাজিতপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬ | ০৭:১২ এএম
বাজিতপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

বাজিতপুরে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৬ উদ্বোধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বন্যার ক্ষতি কাটিয়ে কৃষি উৎপাদন পুনরুদ্ধার এবং কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে কিশোরগঞ্জের বাজিতপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৬।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ‘ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট’ (ফ্রেপ)-এর আওতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলার প্রতিপাদ্য ‘কৃষিই সমৃদ্ধি’।

 

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা প্রতিবছর নানা ধরনের ক্ষতির মুখে পড়েন। এসব ক্ষতি কাটিয়ে দ্রুত উৎপাদনে ফিরতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, উন্নত কৃষি উপকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি।

 

মেলায় বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি, উচ্চফলনশীল ফসলের জাত, কৃষি উপকরণ এবং বন্যা-পরবর্তী সময়ে জমি ও ফসল পুনর্বাসনের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে। বিভিন্ন স্টলে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

 

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে কৃষির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনব্যাপী এ মেলায় কৃষকসহ সর্বসাধারণের প্রবেশের সুযোগ থাকবে। মেলার মাধ্যমে বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি উৎপাদন সম্পর্কে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

সর্বশেষ সংবাদ

নয়াদিল্লিতে এসএসি ও আইসিএআর-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

সংবাদের লিংক কপি হয়েছে!